৮১টি ভুয়া বিয়ে পড়িয়ে অবশেষে কাজী গ্রেপ্তার

আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ৮:৩৭ অপরাহ্ন

শাহ আলম | সিটিজিসান.কম

ছবি: কাজী রহিম উল্লাহ

কক্সবাজার:

প্রশাসন ও মানুষের চোখ ফাঁকি দিয়ে ৮১ টি বিয়ে ভুয়া বিয়ে পড়ার অভিযোগে কাজী রহিম উল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে কক্সবাজারের সদর কলাতলী এলাকায় জাল নিকাহ্ রেজিস্ট্রারসহ ভুয়া কাজী রহিম উল্লাহকে গ্রেপ্তারের বিষয়  নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার।

তিনি রহিম উল্লাহ সদর থানার বাদশাঘোনা এলাকার মৌলভীপাড়ার মৃত নুরুচ্ছফার পুত্র।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার বলেন- কাজী রহিম উল্লাহ কলাতলীর বিভিন্ন হোটেল মোটেলে সরকারি নিবন্ধিত কাজী পরিচয় দিয়ে নিকাহ্ রেজিস্ট্রার বানিয়ে বিয়ে দীর্ঘদিন ধরে নিবন্ধন করে আসছিল। গত ২২ অক্টোবর কলাতলীর আবাসিক হোটেল সী ওয়েভে একটি ভুয়া বিয়ে নিবন্ধনের বিষয়ে গোপন সংবাদের পর তাকে খোঁজা শুরু হয়।

তিনি আরও বলেন- খবর পেয়ে ২৫ অক্টোবর রাতে কলাতলী থেকে তাকে আটক করা হয়। এসময় একটি ভুয়া নিকাহ রেজিস্ট্রার খাতা জব্দ করা হয়। ওই রেজিস্ট্রারে ৮১টি বিয়ে পড়ানোর তালিকা রয়েছে। যা সম্পূর্ণ ভুয়া।

এদিকে, এই ভুয়া কাজী রহিম উল্লাহর বিরুদ্ধে জেলার পৌরসভার ১১ ও ১২ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার বেলাল উদ্দিন বাদি হয়ে সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন বলে ওসি জানান।

সিএস/সিএম/এসআইজে