নগরীর রেলওয়েতে সিসিএম নির্বাচন নিয়ে শ্রমিক নেতার তান্ডব

আপডেট: ২০ মার্চ ২০১৮ ৮:১০ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের কোতয়ালী থানার সিআরবি রেলওয়ের সিসিএম ঋণদান সমবায় সমিতির নির্বাচনে অলি উল্লাহ নামে এক শ্রমিক নেতার দাপটে তটস্থ সংশ্লিষ্টরা। আগামিকাল বুধবার এই নির্বাচন হওয়ার কথা। তিনি এ নির্বাচনে সমিতির পরিচালক পদের একজন প্রার্থী।

কিন্তু নির্বাচনকে ঘিরে অলি উল্লাহ আজ ২০ মার্চ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নারকীয় তান্ডব চালিয়েছে চট্টগ্রামে অবস্থিত রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয়ে। ক্ষমতাসীন দলের পরিচয়ে বহিরাগত সন্ত্রাসী নিয়ে সিসিএম শাখার কর্মকর্তাদের কটুক্তি, ধমক দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন।

শুধু তাই নয়, সহযোগীদের নিয়ে তিনি সিসিএম শাখার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অফিসের দরজা-জানালায় লাথি মেরে আতঙ্ক সৃষ্টি করেছেন। কর্মকর্তাদের গালিগালাজ করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন।

খবর পেয়ে বিকেল ৩টার পর চট্টগ্রাম মহানগর কোতোয়ালী থানার একদল পুলিশ এসে অবস্থান নেওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এ সময় ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানা পুলিশের এসআই মো. রফিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, রেলওয়ের সিসিএম শাখার ঋণ দান সমিতির নির্বাচন নিয়ে শ্রমিক নেতাদের একটু উত্তেজনা চলছিল। দরজা-জানালা ভাঙচুরের খবর পেয়ে আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পরিবেশ শান্ত রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ের সবকটি অঞ্চলে স্টাফদের সিসিএম ঋণদান সমিতির নির্বাচন প্রতিবছরে একবার হয়। সারাদেশে মোট ৮ জন ডেলিগেট নির্বাচনের মাধ্যমে পরিচালক পদে আসীন হন। সে হিসেবে চট্টগ্রামেও রেলওয়ে পূর্বাঞ্চল থেকে একজন ডেলিগেট পরিচালক পদে আসীন হবেন। যার নির্বাচন হওয়ার দিন ধার্য্য রয়েছে আগামিকাল ২১ মার্চ বুধবার।

সূত্র জানায়, নিয়মানুয়ায়ী শ্রমিক নেতা অলি উল্লাহ গতকাল সোমবার তার প্রার্থীতা ফরম জমা দিয়েছেন। তার প্রতিপক্ষ হিসেবে রয়েছেন রেজা হায়দার নামে আরেক শ্রমিক নেতা। কিন্তু তার প্রতিদ্বিন্দ্বিতার খবর পেয়েই অলি উল্লাহ ক্ষিপ্ত হয়ে উঠেন।

তার কথা হচ্ছে, তাকেই নির্বাচিত করে পাঠাতে হবে। এ জন্য নির্বাচনের আগের দিন তিনি নানারকম অশালীন গালিগালাজ, হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন। এমনকি সহযোগীদের নিয়ে অফিসের দরজা-জানালায় লাথি মেরে শক্তি প্রদর্শন করে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে খবর দেয়া হয় বলে জানান তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে শ্রমিক নেতা অলি উল্লাহ বলেন, শ্রমিক নেতা রেজা হায়দার বিএনপি করে। সে আগে জামায়াত করত। কিন্তু রেলওয়ের সিসিএম শাখার কর্মকর্তারা যোগসাজশ করে তাকে মনোনীত করার পায়তাঁরা করছে। যা কোনোমতেই মেনে নেওয়া যায় না। এ জন্য আমাদের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে।

কিন্তু এই ব্যাপারে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের সিসিএম শাখার উপ ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, এ নির্বাচনের সাথে রেলওয়ের কোন শাখার কর্মকর্তাদের কোন রকম সংশ্লিষ্টতা নেই। এ নির্বাচন শুধুমাত্র তাদের সাংগঠনিক ব্যাপার। এটা রেলের কোন বিষয় না। সিসিএম ব্যবস্থাপকের নির্দেশে নির্বাচনের কাজগুলো করে দেওয়া হচ্ছে শুধুমাত্র। নির্বাচন পরিচালনা, কিভাবে হবে সে সব তাদের সাংগঠনিক ব্যাপার।

প্রার্থী রেজা হায়দার বলেন, শ্রমিক নেতা অলি উল্লাহ দুদকের মামলার আসামি। আয় বহি:র্ভুত অর্থ ও সম্পত্তি অর্জনের দায়ে দুদক মামলাটি করেন। যা তদন্তাধীন রয়েছে। সে হিসেবে নৈতিকভাবে তিনি প্রার্থী হতেই পারেন না। নির্বাচনে ভোটারদের সমর্থনও নেই তার। সবকিছু বুঝতে পেরে সমিতি দখলের জন্য তিনি উচ্ছৃঙ্খল আচরণ করছেন। যাতে নির্বাচনটা না হয়।