
ঢাকা : উত্থাপিত অভিযোগের কারণে তাড়াহুড়া করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার বেলা পৌনে ১২ টার দিকে সচিবালয়ের নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে যে ১১ অভিযোগ উঠেছে এসবের অনুসন্ধান হবে। অভিযোগগুলো তদন্তে দুদকে পাঠানোর বিষয়ে বিবেচনা করা হবে। প্রধান বিচারপতির পদ একটি সাংবিধানিক পদ।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এটি। তাই, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাড়াহুড়া করে প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সমীচীন হবে না।
তিনি বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, এর সুরাহা না করে তিনি প্রধান বিচারপতির চেয়ারে বসতে পারবেন না।
