নিউমার্কেটে পুলিশ-হকার সংঘর্ষ, গুলি বর্ষণ

আপডেট: ১৬ জুন ২০১৭ ৮:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় পুলিশ ও হকারদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ শর্টগানের গুলি ছোড়ে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

হকাররা জানান, সিটি করপোরেশনের নির্দেশনানুযায়ী বিকেলে তাদের নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রী শুরু করলে পুলিশ বাঁধা দেন। এ সময় কয়েকজন হকারকে লাঠিপেটা করেন পুলিশ। পরে হকাররা প্রতিবাদ করলে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ গুলি ছুড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন হকার আহত হওয়ার কথা বললেও সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি হকার সমিতির সাধারণ সম্পাদক মো. হোসেন।

কোতেয়ালি থানার এসআই রিপন ঘটনাস্থল থেকে এ প্রসঙ্গে বলেন, বিকেল ৫টার পর হকারদের ফুটপাতে পণ্য বিক্রীর জন্য বসার নির্দেশনা থাকলেও তা না মেনে তারা ২ টা থেকে ফুটপাত দখল করে পণ্য বিক্রী শুরু করে। এতে বাঁধা দিলে হকাররা চড়াও হয়। হকারদের প্রতিরোধে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। তবে কাউকে লাঠিপেটা করা হয়নি বলে জানান তিনি।