
চট্টগ্রাম :: মঙ্গলবার দিনভর চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে লাল বোট ডুবির ঘটনায় বঙ্গোপোসাগরের বিভিন্ন জায়গায় নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশসহ বিভিন্ন সংস্থার অভিযান চালিয়ে আরও ৯ টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম এই প্রসঙ্গে জানান, মঙ্গলবার সারাদিন অভিযান চালিয়ে হাফেজুল্লাহ (৫৫), শামসুল ইসলাম (৩৫), নিজাম উদ্দিন (৪০), মাইনুদ্দিন (৪০), মাসুদুর রহমান (২২), কামরুজ্জামান (৩৫), ইউসুফ (৩০), ওসমান মাস্টার (৩৫) ও তানজির আহসানের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সন্দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা।
এর আগে বড়দা জলদাস (৬০), সালাউদ্দিন (৩০), শচীন্দ্র জলদাস (৫৫), আবদুল হক (৬০) ও হাফেজ আমিন রসুল (৪৫) নামের পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে লাল বোট ডুবির ঘটনায় মোট ১৪ জনের মরদেহ উদ্ধার করা গেল। এখনও নিখোঁজ রয়েছেন আরও ৭জন।
সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, দুর্ঘটনাস্থল গুপ্তছড়া ঘাটের দুই কিলোমিটারের মধ্যে এসব মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে আমরা মোট ১৪ জনের মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়েছি। এখনও সাতজন নিখোঁজ রয়েছেন।
প্রসঙ্গত, গত রোববার (২ এপিল) সন্ধ্যায় সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সী-ট্রাক থেকে যাত্রীরা নামার সময় ওই লাল বোটটি ডুবে যায়।
সিটিজিসান.কম/রবি
