সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

আপডেট: ৪ এপ্রিল ২০১৭ ১২:০৬ পূর্বাহ্ন

train

চট্টগ্রাম :: সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ চারদিন বন্ধ থাকার পর শুরু হয়েছে। সোমবার বিকেল থেকে ভেঙে যাওয়া সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।

আজ সোমবার বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সেতু অতিক্রম করে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো.আবদুল হাই।

গত ৩০ মার্চ সিলেট সেকশনের ইটাখোলা মনতলা এলাকায় পাহাড়ি ঢলে ৫৬ নম্বর সেতুর নিচের মাটি সরে অস্থায়ী সেতু ভেঙে পড়ে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ওইদিন বিকেল ৪টা পর্যন্ত সেতুটি মেরামত করতে না পারায় সব ট্রেনের শিডিউল বাতিল করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। গত চারদিন ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আবদুল হাই এই প্রসঙ্গে বলেন, সেতুটি মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা ট্রেনটি সেতুর উপর দিয়ে যায়। তিনি বলেন, আগের সূচি অনুযায়ী সব ট্রেন চলাচল করবে।

সিটিজিসান.কম/রবি