ইয়াবা কেনার জন্য চুরিতে নেমে শহিদুল

আপডেট: ২ এপ্রিল ২০১৭ ৮:১৬ অপরাহ্ন

আটক শহিদুল ইসলাম
আটক শহিদুল ইসলাম

চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীতে রোববার সকালে শহিদুল ইসলাম (২০) নামে এক চোরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন চুরির শিকার এক ব্যক্তি। এরপর চুরি করা মোবাইলের ক্রেতা মো.রুবেল (৩২) নামে আরেক যুবককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

২৯ মার্চ ভোরে আমিন টেক্সটাইল ইনস্টিটিউটের একাডেমিক ভবনের বাসা থেকে আবু বক্করের মোবাইল এবং তার সহকারী রিয়াদের একটি হাতঘড়ি চুরি হয়। চুরির সময় শহিদুলকে পালাতে দেখলেও তখন ধরতে পারেননি তারা।

শহিদুলকে আটকের সময় আবু বক্করসহ জনতা তার পকেট থেকে চুরি করা হাতঘড়ি এবং একটি ছোরা উদ্ধার করে। চুরি করা মোবাইল সেটটি রুবেলের দোকান থেকে উদ্ধার করা হয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন, শহিদুল ইয়াবা আসক্ত। ইয়াবা কেনার টাকা সংগ্রহ করতেই মূলত সে চুরি শুরু করেছে।

ওসি মোহাম্মদ মহসিন আরো বলেন, ৫ বছর আগে শহিদুল বায়েজিদের রহমানিয়া স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। শহিদুলের এক মামাত বোন ও তার স্বামী ইয়াবা আসক্ত ছিল। তাদের বাসায় বেড়াতে গিয়ে ইয়াবার নেশায় পড়ে শহিদুল। শহিদুল ও রুবেলের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় মামলা দায়ের করেছেন আবু বক্কর সিদ্দিক।

সিটিজিসান.কম/রবি