টাইগারদের ব্যাপারে অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন জোন্স

আপডেট: ৩০ মার্চ ২০১৭ ২:০০ অপরাহ্ন

Dean_Jones

অনলাইন ডেস্ক :: নিরাপত্তার কারণে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ানো অস্ট্রেলিয়া আসছে আগস্টে। তবে এবার নিরাপত্তা নয়, অজিদের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে টাইগারদের মাঠের পারফরম্যান্স! এমনটাই মনে করছেন সাবেক অজি ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার ডিন জোন্স।

এ ব্যাপারে টুইট করে তিনি জানান, ‘বাংলাদেশের বিপক্ষে আগস্টের টেস্ট সিরিজে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে অস্ট্রেলিয়াকে। সেটা না হলে তারা হারবে। ’

মূলত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স দেখেই এমন কথা বলেছেন জোন্স। সর্বশেষ নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম-সাকিব আল হাসানরা। নিউজিল্যান্ড সফরে ম্যাচ হারলেও সাদা পোশাকে নিজেদের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। এছাড়া, ভারতের মাটিতে একমাত্র টেস্টেও টাইগারদের পারফরম্যান্স ছিলো চোখ রাঙানো।

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত সফর স্থগিত করেন স্টিভেন স্মিথ-গ্লেন ম্যাক্সওয়েলরা। আর তারই হাত ধরে আগামী আগস্টে টাইগারদের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের সিরিজকে সামনে রেখে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া।

সিটিজিসান.কম/শিশির