
চট্টগ্রাম :: মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা দেশের মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র হরণ করেছে। গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নগর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করে।
শাহাদাত বলেন, সরকার দেশের সাধারণ মানুষের কথা চিন্তা না করে গ্যাসের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে। সর্বক্ষেত্রে চলছে নৈরাজ্য, গ্যাসের মূল্যবৃদ্ধির সাথে সাথে পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে। এভাবে দেশ চলতে পারে না।
সরকার দলীয় নৌমন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে পরিবহন ধর্মঘটের নামে সারাদেশে ত্রাস চালিয়েছে অভিযোগ করে তিনি বলেন, কোর্টের রায়ের বিরুদ্ধে যদি বিএনপির কেউ কথা বলে তাহলে সাথে সাথে আদালত অবমানার মামলা হয়। কিন্তু সরকার দলীয় মন্ত্রী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজপথে ত্রাস সৃষ্টি করলে কোন মামলা হয় না।
সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা মো. মিয়া ভোলা, মো. আলী, এস এম সাইফুল আলম, শেখ নুরুল্লাহ বাহার, কাজী বেলাল উদ্দিন, মো. আলী, আশরাফ চৌধুরী, হারুন জামান, ইস্কান্দর মির্জা, শফিকুর রহমান স্বপন, মোশারফ হোসেন ডিপ্তি, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, জাহাঙ্গীর আলম দুলাল, অধ্যাপক নুরুল আলম রাজু, মো. সালাহ উদ্দিন, শাহেদ বক্স, সাবেক কাউন্সিলর মাহবুবুব আলম, কামরুল ইসলাম, গাজী মো. সিরাজ উল্লাহ, বেলায়েত হোসেন বুলু, জেলি চৌধুরী, মঞ্জুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সিটিজিসান.কম/শিশির
