রাউজানের হারুন হত্যা : ফরিদ গ্রেপ্তার

আপডেট: ৩ ফেব্রুয়ারী ২০১৭ ১০:১২ পূর্বাহ্ন

roujan

চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা পূর্ব মুনসিপাড়ায় আলোচিত আওয়ামীলীগ নেতা হারুন ওরফে কালা হারুন হত্যা মামলার অন্যতম আসামি মো. ফরিদকে (৩৭) বুধবার রাত ১১টায় গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায় বলে জানান মহানগর গোযেন্দা পুলিশের পরিদর্শক ইকবাল বাহার।

পরিদর্শক ইকবাল বাহার জানান, গ্রেপ্তার ফরিদকে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতে নেওয়া হয়েছে। সেখানে তিনি হারুন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি উপজেলার নোয়াপাড়া এলাকার তৈয়ব ও আলমগীরসহ মোট তিন ব্যক্তির জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, সন্ত্রাসের জনপদ খ্যাত রাউজানে গত ১৪ অক্টোবর রাতে আধিপত্য বিস্তার নিয়ে খুন হন আওয়ামী লীগ নেতা হারুন। এ হত্যা মামলায় স্থানীয় বিএনপি নেতাদের আসামি ও ধরপাকড়ের অভিযোগ করেন উত্তর জেলা বিএনপি নেতারা। এর প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতারা। এতে হারুন ওরফে কালা হারুন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানান।

সিটিজিসান.কম/রবি