চট্টগ্রাম :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক নৈশপ্রহরীকে নির্মমভাবে হত্যার ঘটনায় ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরা দিনের বেলায় কেউ অটোরিকশা চালায়, কেউ রাজমিস্ত্রির কাজ করে এবং রাতের ডাকাতিতে করে।
গতকাল শনিবার রাতভর নগরীর কাট্টলী ও রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি ও দুই রাউন্ড কার্তুজ, ১টি সিএনজি অটোরিকশা, ১টি ল্যাপটপ, ২টি মোবাইল, ১টি ট্যাব ও ২ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ৬ জন হল: নূরুচ্ছফা তালুকদার প্রকাশ পারভেজ (২৮), জামাল (৪০), সেলিম উদ্দিন (২৯), জাহাঙ্গীর আলম (৩০), মিজান (৩৫) এবং নূরুল ইসলাম (৩১)।
এ ব্যাপারে পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।।
গত ২৪ জানুয়ারি রাতে উত্তর রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন এলাকা থেকে নৈশ প্রহরী তপন বিশ্বাসের (৫৮) লাশ উদ্ধার করা হয়। ডাকাতি করার সময় দেখে ফেলায় তপনকে বেঁধে ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।
ওই ঘটনায় তপনের ছেলে নগরীর বহদ্দারহাট এলাকার দর্জি উত্তম বিশ্বাস অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।
সিটিজিসান.কম/রবি

