চট্টগ্রাম :: নগরীর বাকলিয়া থানাধীন শুক্রবার ভোররাত ৫ টার দিকে দেওয়ানবাজার নিরাপদ হাউজিং সোসাইটির ছয়তলা একটি ভবনের তৃতীয়তলায় রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় বিস্ফোরণের বিকট শব্দ হয়।
সোসাইটির লোকজন বাংলানিউজকে জানান, এমদাদ আলী সড়কের মাদ্রাসা ভবন নামে পরিচিত ছয়তলা ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণে উড়ে গেছে ঘরের আসবাব, ভেঙে চুরমার হয়েছে পুরো ভবনের জানালার কাচ। শুধু তাই নয়, বিস্ফোরণের সময় উড়ে যাওয়া দেয়ালের বড় বড় টুকরা রাস্তার ওপাশের একটি ভবনের ব্যালকনিতে পড়লে সেটিও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পরপর হাজারো কৌতূহলী মানুষের ভিড় জমেছে।জানালার থাই অ্যালুমিনিয়ামের ফ্রেমসহ ধ্বংসস্তূপ, রাস্তার অপর পাশের ভবনে ক্ষতিগ্রস্ত ব্যালকনি।
ভবনটির ফটকে দায়িত্বরত এক যুবক জানান, একজন নারীসহ চারজন আগুনে ঝলসে গেছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শহীদুল ইসলাম জানান, সকাল ৫টা ২০ মিনিটে চমেক হাসাপাতালে ভর্তি করা হয় মোতালেবের ছেলে মো. আরিফ (২৭), মেয়ে ইপ্তি (১৭) ও ছমুদা খাতুনকে (৩০)। তাদের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আনোয়ারার আরাবিয়া খাইরিয়া মাদ্রাসা ও এতিমখানার মালিকানাধীন ওই আবাসিক ভবনের তৃতীয়তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশন থেকে চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। মাদ্রাসা ভবনের সামনে শাহাদাত হোসেনের মালিকানাধীন ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের হিসেবে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাকলিয়া থানার উপপরিদর্শক মো. শাহিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
সিটিজিসান.কম/রবি

