রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকা থেকে অস্ত্রসহ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য মো. শহীদুল ইসলাম (২৮) প্রকাশ নেতা শহীদকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে বনগ্রামের একটি সড়ক নির্মান কাজের ঠিকাদারের কাছে চাঁদা চাইতে গিয়ে জনতা তাকে আটক করে বেদম প্রহার করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকায় একটি সড়ক নির্মান কাজের ঠিকাদারের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি আসছে একই ইউনিয়নের আধুরপাড়া গ্রামের সেকান্দরের পুত্র সাবেক উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য মো. শহীদ।
ওইদিন বিকেলে অতর্কিতভাবে দলবল নিয়ে অস্ত্রসহ শহীদ সড়ক নির্মানকালে শ্রমিকদের এলোপাথারি মারধর করতে থাকে। এসময় নির্মানকাজের সরঞ্জামাদি পাশ্ববর্তী ড্রেনে ফেলে দেয় তারা। পরে তারা দুই শ্রমিক ধরে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করতে চাইলে বেলাল নামের এলাকার যুবক এগিয়ে এসে তাদের উদ্ধার করে।
এ ঘটনায় স্থানীয় জনতা দেখতে পেয়ে শহীদকে অস্ত্রসহ ঘেরাও করলে অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার ওসি মো. হুমায়ুন কবির তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সড়ক নির্মানকাজের ঠিকাদার মেসার্স শারমিন এন্টারপ্রাইজের পরিচালক মো, লোকমান জানান, সড়ক নির্মানকালে বিভিন্ন সময় শহীদ গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাইলে সে আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। গত বুধবার শহীদসহ ৪/৫ জন কথিত ছাত্রলীগ নেতাকর্মী শ্রমিকদের ধমক দিয়ে কাজ বন্ধ করে দেয়। দুইদিন বন্ধ থাকার শুক্রবার (১৩ জানুয়ারী) থেকে কাজ শুরু করলে বিকালে শহীদ দলবল নিয়ে সড়ক নির্মানকালে দুই শ্রমিককে অতর্কিতভাবে মারধর করতে থাকে।
পরে হাতে থাকা অস্ত্র দিয়ে দুই শ্রমিককে গুলি করতে চাইলে মো. বেলাল নামে স্থানীয় এক যুবক এতে বাঁধা দেয়। বিষয়টি স্থানীয় জনতা বুঝতে পেরে শহীদকে অস্ত্রসহ ঘেরাও করে রেখে পুলিশকে খবর দেয়।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, সড়ক নির্মানকাজে চাঁদা চাইতে গিয়ে স্থানীয় জনতা যুবক শহীদকে ঘেরাও করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করি। এ ব্যাপারে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের হয়েছে।
সিটিজিসান.কম/শিশির

