অনলাইন ডেস্ক :: একটা চাকরি পেতে কত কাঠখড়ই না পোড়াতে হয় অনেকেই৷ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কি না রয়েছে তার মধ্যে৷ তারপরেও কি পৌঁছনো যায় লক্ষ্যে? তবে মাঝেমধ্যে সুযোগ যেন নিজে থেকেই হাঁটি হাঁটি পা পা করে আসে৷ আর তা মিস করে গেলেই সব শেষ৷ নাহ্, এবার আসল গল্পে ঢোকা যাক৷
দক্ষিণ দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের নয়া সিদ্ধান্ত, বাঁদর ধরতে পারলেই চাকরিতে নিয়োগ৷ আর এমন অভিনব সিদ্ধান্তে হতবাক প্রায় সকলেই৷শেষে কিনা বেকারত্ব ঘোচাবে বাঁদর।
আসলে মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে প্রথমে বিজ্ঞাপন দিয়ে বলা হয়, বাঁদর ধরে দিলে, বাঁদর প্রতি টাকা দেওয়া হবে৷ কিন্তু এই উদ্যোগ সফল হয়নি৷ তাই এবার নয়া পরিকল্পনা৷ আর তার পরেই এই ঘোষণা। ১৮,০০০টাকার চাকরি পেতে চাইলে ধরে দিতে হবে বাঁদর৷
বাঁদর এবং বদমেজাজি কুকুরের অত্যাচারে রাজধানী অতিষ্ঠ৷ কুকুর ধরতে তাও কোনও কোনও সংস্থা উদ্যোগ নিয়েছে৷ কিন্তু বাঁদরের নাগাল পাওয়া কি অতই সহজ৷ পরিশ্রম যেমন বেশি, পুরস্কারের বহরও যে তেমনটাই হওয়া চাই৷
তবে এই উদ্যোগ বাস্তবায়িত হয়নি এখনও৷ আর তা হলে যে সুফল পাওয়া যাবে হাতেনাতে এমনটাই মনে করছেন অনেকে৷
সিটিজিসান.কম/রবি

