অনলাইন ডেস্ক ::
১১৮ জন যাত্রী নিয়ে লিবিয়ার আফরিকিয়াহ এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের কবলে পড়েছে। ছিনতাইকৃত বিমানটি মাল্টা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য করা হয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এয়ারবাস এ৩২০ ফ্লাইটটি লিবিয়ার আকাশেই ছিল। পরে মাল্টার দিকে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক প্রতিবেদনে অনুযায়ী, দুজন ছিনতাইকারী এ ঘটনায় জড়িত। বিমানটিতে বোমা আছে বলে তারা হুমকি দিয়েছেন।
মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট জানান, তাদের নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে।
দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন, বিমানবন্দরে অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জরুরি দল ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।
বার্তা সংস্থার রয়টার্সের মাল্টার ফটো সাংবাদিক ড্যারিন জাম্মিত লুপি বিবিসিকে জানান, ঘটনাস্থলের দিকে ব্যাপক সংখ্যক সেনা ও বিশেষ বাহিনীর গাড়ি যেতে দেখা গেছে।
মাল্টামুখী বেশ কয়েকটি ফ্লাইট গতিপথ পরিবর্তন করে ইতালি নিয়ন্ত্রিত দ্বীপ সিসিলির দিকে রওয়ানা হয়েছে।
সিটিজিসান.কম/রবি

