রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় আইসিটি আইনে রুজু করা একটি মামলায় ঢাকায় দুই ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। ঢাকার তেজগাঁও থানা ও রাঙ্গুনিয়া থানা পুলিশের যৌথ অভিযানে বুধবার ভোররাতে অপরাধ জগত নামের একটি নোংরা ম্যাগাজিনের ভারপ্রাপ্ত সম্পাদক রুস্তম মল্লিক ও তার সহযোগী কপিল উদ্দিন আপেলকে আটক করে কারাগারে পাঠানো হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি মো.হুমায়ুন কবির দুই ভুয়া সাংবাদিককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি সম্পর্কে সোশ্যাল মিডিয়া ও একটি নাম সর্বস্ব মাসিক পত্রিকা অপরাধ জগতে কু-রুচি পূর্ণ সংবাদ প্রকাশ করায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় ছাত্রলীগ নেতা মো. রাসেল ও ডিএমপির তেজগাঁও থানায় আ.লীগ নেতা ইসমাঈল হোসেন বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।
দুটি মামলায় রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রুস্তম মল্লিক ও আপেলকে গ্রেফতার করা হয়। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আসামী রুস্তম মল্লিক এর আগেও চট্টগ্রামসহ কয়েকস্থানে চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। ১/১১ এর সময়ে র্যাব এর হাতে আটক হয়ে তিনি কারাভোগ করেছেন।
এদিকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, এ মামলায় আরো আসামী রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। সব আসামী গ্রেফতার হলে রিমান্ডে আনার জন্য পৃথকভাবে আবেদন করা হবে।
পুলিশের বিবরণে জানা যায়, আসামী রুস্তম মল্লিক ড. হাছান মাহমুদকে হেয় ও সম্মান ক্ষুন্ন করার জন্য নানারকম ফন্দিফিকির করেন। একটি মহলের প্ররোচণায় এরই অংশ হিসেবে সে ফেইসবুকে নানারকম কূরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করে। এই ভূয়া সাংবাদিকের সেই পোস্টটি আরো কিছু ভূয়া সাংবাদিক নাম সর্বস্ব আন্ডারগ্রাউন্ড অনলাইন বিডি টুডে ডট, বাংলার আলো এবং অপরাধ জগত পত্রিকার মাধ্যমে প্রকাশ করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের নামেও মামলা রুজ্জু করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার মামলার বাদী মো. রাসেল এ প্রসঙ্গে বলেন, ড. হাছান মাহমুদ একজন সম্মানিত ব্যক্তি। তিনি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই নানারকম সভা সেমিনারে বক্তব্য দিয়ে থাকেন। তিনি একজন পার্লামেন্ট সদস্য। এজন্য তিনি সরকারি কাজে দেশে এবং বিদেশের বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিয়ে থাকেন। সেই সব সভা সেমিনারে দেশি ও বিদেশি ডেলিগেট নারী-পুরুষ অংশ নিয়ে থাকেন।
সেই সভা সেমিনারের বিভিন্ন চিত্র ধারণ করে ফেসবুকসহ নানা মাধ্যমে ড. হাছান মাহমুদকে হেয় করার জন্য পোষ্ট করেছেন রুস্তম মল্লিক ও কফিল উদ্দিন আপেলসহ কয়েকজন ভূয়া সাংবাদিকেরা। এজন্য তাদের বিরুদ্ধে মামলা করেছি।
সিটিজিসান.কম/রবি

