মিরসরাই করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের মিরসরাইয়ে ডোবা থেকে মাহমুদুল ইসলাম রোহান (৩) নামে এক শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার (১৮ ডিসেম্বর) উপজেলার ধুম ইউনিয়নের নাহেরপুর গ্রামের কানু মেম্বার বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রোহানের মায়ের অভিযোগ তার সন্তানকে সতীন সুমি আক্তার গলাটিপে হত্যা করে ডোবায় ফেলে দেয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই শিশু সন্তানের সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
রোহানের মা রুমা আক্তার জানান, রবিবার সকাল থেকে প্রতিদিনের মতো রোহান বাড়ির উঠানে খেলা করছিল। কিন্তু সকাল ১১টা থেকে রোহানকে কোথাও তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজি পর রোহানের মৃতদেহ বাড়ির পাশে একটি ডোবায় পাওয়া যায়। তাঁর অভিযোগ, শনিবার রাতে তার স্বামী নজরুল ইসলামের সাথে তার সতীন সুমি আক্তারের ঝগড়া হয়। এর সৃত্র ধরে সুমি আক্তার তার ছেলেকে গলা টিপে হত্যার পর ডোবায় ফেলে দেয়।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, খবর পেয়ে শিশু রোহানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এসময় রোহানের সৎ মা সুমি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সিটিজিসান.কম/রবি

