১০০ টাকার জন্য প্রাণ গেল শ্রমিকের

আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ১:২৩ অপরাহ্ন

coxbazar

কক্সবাজার :: জেলার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় পারিশ্রমিকের ১০০ টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন আবদু শুক্কুর (৩০) নামে এক শ্রমিকের।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দিনমজুর একই এলাকার মৃত মুফিজুর রহমানের ছেলে।

নিহতের মা ছলিমা খাতুন জানান, কয়েকদিন আগে আবদু শুক্কুর একই এলাকার মৃত আবু বক্করের ছেলে হাবিল উদ্দিনের ধানক্ষেতে ধানকাটার কাজ করেন। পারিশ্রমিকের ১০০ টাকা চাওয়ার জন্য আবদু শুক্কুর বুধবার সকালে হাবিল উদ্দিনের বাড়িতে যান। এসময় হাবিল উদ্দিন লাঠি নিয়ে আবদু শুক্কুরকে বেদম মারধর শুরু করে। এতে আবদু শুক্কুর ঘটনাস্থলেই প্রাণ হারান।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মারধরের কারণে দিনমজুর আবদু শুক্কুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিটিজিসান.কম/রবি